পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ৬ হাজার শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চাকরি হবে রাজ্য সরকারের সেক্রেটারিয়েট,ডিরেক্টরেট, জেলা অফিসার ও অন্যান্য আঞ্চলিক অফিসে। এর আগে এই ক্লার্কশিপ পরীক্ষার জন্য ২০১৯ সালে দরখাস্ত নেওয়া হয়েছিল। ওই পরীক্ষা থেকে প্রায় ৭ হাজার শূন্যপদ পূরণ করা হয়। সকলেই চাকরি পেয়ে গেছে।
২০২৩ সালের ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডিসেম্বরের প্রথম দিকেই দরখাস্ত নেওয়া হবে। এজন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। নিয়োগ সংক্রান্ত ফাইল পি এস সি কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পদের পরীক্ষা হবে আগামী বছর জুন মাস নাগাদ । মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন। উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েট বা, পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও আবেদনের যোগ্য। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ২০টি কিংবা বাংলা টাইপিংয়ে মিনিটে অন্তত ১০টি শব্দ তোলার গতি থাকতে হবে। বয়স হতে হবে ১৮ ‘থেকে ৪০ বছরের মধ্যে। তপশিলী সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, দৈহিক প্রতিবন্ধীরা (৪০% ও তার বেশি হলে) ৫ বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। মূল মাইনে : ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকা ও গ্রেড পে ২,৬০০ টাকা ।
প্রার্থী বাছাই করবে ‘পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশন'। ২০২৩ সালের ক্লার্কশিপ' পরীক্ষার মাধ্যমে। প্রথমে লিখিত পরীক্ষা হবে দু'টি পার্টে। প্রথম পার্টে ১০০ নম্বরের ১০০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে : (১) ইংরিজি ৩০ নম্বর, (২) জেনারেল স্টাডিজ ৪০ নম্বর, (৩) অ্যারিথমেটিক ৩০ নম্বর। সময় থাকবে দেড় ঘন্টা।
দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপ্টিভ টাইপের। এইসব বিষয়ে (১) ইংরিজি ৫০ নম্বর। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা, প্রেসি লেখা, বাংলা থেকে ইংরিজিতে অনুবাদ করা। (২) বাংলা/হিন্দি / নেপালী / উর্দু /সান্তাড় ৫০ নম্বর। সময় থাকবে ১ ঘন্টা। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা, প্রেসি লেখা, ইংরিজি থেকে বাংলায় অনুবাদ করা। প্রথম ও দ্বিতীয় পার্টে কোয়ালিফাই করলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। প্রতিটি গ্রুপ / পেপারে থাকবে আলাদা কোয়ালিফাইং নম্বর। কোনোটিতে কোয়ালিফাইং নম্বর না পেলে সফল হতে পারবেন না। তপশিলী, ওবিসি দের জন্য কোয়ালিফাইং নম্বরে ছাড় আছে।